সলমন খানের হাত থেকে বাঁচতে দেহরক্ষী নিয়োগ করেছিলেন ঐশ্বর্য রাই, দাবি প্রাক্তন দেহরক্ষীর

বলিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক। বিচ্ছেদের পরবর্তী সময়ে তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি অভিনেত্রীর প্রাক্তন দেহরক্ষী কেতন কারান্দে এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে, সলমন খানের হাত থেকে ঐশ্বর্যকে সুরক্ষিত রাখতেই তাঁকে বিশেষ ভাবে নিয়োগ করা হয়েছিল। তিনি মাত্র সাত দিনের জন্য এই দায়িত্ব পালন করেছিলেন।
কেতন কারান্দে জানিয়েছেন, সেই সময় তাঁর প্রধান কাজ ছিল ঐশ্বর্যকে বাড়ি থেকে সিনেমার সেট বা ফ্যাশন শোয়ের মতো বিভিন্ন অনুষ্ঠানে নিরাপদে পৌঁছে দেওয়া। সলমন খানের সঙ্গে ঐশ্বর্যের ব্যক্তিগত বিবাদের বিষয়টি তিনি জানতেন এবং সেই পরিস্থিতির মধ্যে নিজেকে জড়াতে চাননি। এক ইভেন্ট থেকে ফেরার পথে সলমন খানের মুখোমুখি হওয়ার পর তিনি অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন, যা তাঁর চাকরি ছাড়ার সিদ্ধান্তকে ত্বরান্বিত করে।
উল্লেখ্য, সলমন খানের সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বর্য রাই আর কখনও তাঁর সঙ্গে কাজ করেননি। অন্যদিকে, অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের আলাপ হয় ২০০০ সালের গোড়ার দিকে। পরবর্তী সময়ে তাঁরা ‘কুছ না কাহো’, ‘উমরাও জান’ এবং ‘গুরু’-র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। লেখক কাবেরী বামজাইয়ের বইতেও উল্লেখ রয়েছে যে, অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের কাজ করাটা সলমন খান ভালোভাবে নেননি।
