সস্তায় মিলবে নামী গাড়ি থেকে বিদেশি ওয়াইন এবং ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক বাণিজ্যচুক্তি এখন সময়ের অপেক্ষা – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইইউ প্রধান উরসুলা ভন ডার লায়েনের বৈঠকের পর এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এই চুক্তির ফলে আমদানিকৃত বিলাসবহুল গাড়ি, ওয়াইন ও বিদেশি পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে কমবে, যা ভারতীয় বাজারে এই পণ্যগুলির দাম কমিয়ে দেবে।
এই মেগা চুক্তির আওতায় ২ বিলিয়ন মানুষের এক বিশাল সমন্বিত বাজার তৈরি হবে যা বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের সমান। উৎপাদন, প্রযুক্তি ও ওষুধ শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলি এই চুক্তির অন্তর্ভুক্ত হলেও কৃষিখাতকে এর বাইরে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীন ও আমেরিকার ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক বাণিজ্যে ভারতের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।

