সাংগঠনিক ত্রুটি সংশোধনে আজ জরুরি বৈঠকে রাজ্য বিজেপি

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর গত ছয় মাসে দলের সাংগঠনিক স্তরে হওয়া বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি পর্যালোচনার লক্ষ্যে আজ শুক্রবার সল্টলেকে রাজ্য বিজেপি দপ্তরে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে সংগঠনের বর্তমান অবস্থা এবং খামতিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
দলীয় সূত্রে খবর, এই বৈঠকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যের সমস্ত জেলা সভাপতিদের এই বৈঠকে তলব করা হয়েছে। মূলত গত ছয় মাসে সংগঠনের কোথায় কোথায় দুর্বলতা থেকে গিয়েছে এবং তা কীভাবে মেরামত করা সম্ভব, সেই রণকৌশল ঠিক করাই এই বৈঠকের মূল লক্ষ্য।
বৈঠকে কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে কোঅর্ডিনেটর নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য পুরসভার ভবিষ্যৎ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দলীয় স্তরে পর্যালোচনা করা হবে। কর্মীদের জনসংযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক শৃঙ্খলা ফেরাতে এই বৈঠক থেকে বিশেষ কোনো গাইডলাইন বা নির্দেশিকা জারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
