সাধারণ মানুষকে সঞ্চয়ে উৎসাহিত করার বার্তা প্রধানমন্ত্রী মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্যদের সাধারণ মানুষকে অর্থ সঞ্চয় ও আর্থিক নিয়মানুবর্তিতার গুরুত্ব বোঝানোর পরামর্শ দিয়েছেন। বুধবার ভারত মণ্ডপমে আয়োজিত এক দীর্ঘ বৈঠকে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, ভারতীয় সংস্কৃতি কেবল ভোগবিলাসে বিশ্বাসী নয়, তাই নাগরিকদের আর্থিক ভবিষ্যতের সুরক্ষায় সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বৈঠকে প্রধানমন্ত্রী ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৫০ কোটি মানুষের দারিদ্রসীমা থেকে বেরিয়ে আসার সাফল্য তুলে ধরেন। তবে তিনি সতর্ক করে বলেন, এই উন্নতি দীর্ঘস্থায়ী করতে হলে সাধারণ মানুষকে আর্থিক শৃঙ্খলার পাঠ দিতে হবে। অন্যথায়, দারিদ্রসীমা থেকে উঠে আসা মানুষরা পুনরায় আর্থিক সংকটের মুখে পড়তে পারেন, যা সরকারের দীর্ঘমেয়াদী প্রচেষ্টাকে ব্যর্থ করতে পারে।
এছাড়া, দেশে মাদকের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। যুব প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করার ওপর জোর দিয়ে তিনি বলেন, নকশালবাদ যেভাবে নির্মূল করা হয়েছে, একইভাবে মাদকের সমস্যাকেও দেশ থেকে সমূলে উৎপাটন করতে হবে। ২০১৪ সালে নিজের প্রথম ভাষণের কথা স্মরণ করিয়ে তিনি পুনরায় জানান যে, বর্তমান সরকার গরিবদের কল্যাণে দায়বদ্ধ।
