সাপের ছোবল খেয়ে পাল্টা কামড়, হাসপাতালের পথে যুবকের কাণ্ড দেখে চমকে উঠল এলাকাবাসী! – এবেলা
July 12, 2026

এবেলা ডেস্কঃ
মালদহের মোথাবাড়িতে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাড়ির পাশে কাজ করার সময় ফারুক মোমিন নামের এক যুবককে একটি বিশালাকার সাপ ছোবল মারে। যন্ত্রণায় কাতরাতে থাকা ওই যুবক দমে না গিয়ে উল্টে সাপটিকে ধরে কামড়ে দেয়। এরপর সেই সাপ হাতে নিয়েই প্রায় চার কিলোমিটার পথ হেঁটে বাঙ্গিটোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান তিনি। পথে যুবকের হাতে সাপ দেখে ভয়ে কোনো যানবাহন তাকে তুলতে রাজি হয়নি।
স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের মতে, যুবকটিকে ছোবল দেওয়া সাপটি সম্ভবত দাঁড়াশ প্রজাতির। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সাপের এমন অদ্ভুত প্রতিহিংসা এবং যুবকের সাহসিকতার ভিডিও নেটপাড়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
