‘সামাজিক কলঙ্কের ভয়’! কালীঘাট তৃণমূলের নিরপেক্ষ তদন্তের দাবিতে বাড়ল রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূলের বর্ষীয়ান নেতা, প্রাক্তন মন্ত্রী তথা পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিজের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। তবে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ‘সামাজিক কলঙ্কের ভয়’-এর দিকে ইঙ্গিত করে নিরপেক্ষ তদন্ত ও বিজেপিকে দায়ী করার দাবি জানিয়েছেন। অন্যদিকে, বিজেপি বিধায়ক ধ্রুব সাহা পারিবারিক বা দলীয় কোন্দলের আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি তুলেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষকতা থেকে শুরু করে কৃষিমন্ত্রী ও ডেপুটি স্পিকারের দায়িত্ব সফলভাবে সামলানো আশিস বন্দ্যোপাধ্যায়ের গায়ে দুর্নীতির কোনো দাগ ছিল না। বিগত ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তিনি কার্যত আড়ালে চলে যান। স্থানীয় নেতৃত্ব ও তাঁর ঘনিষ্ঠ মহল এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যু মেনে নিতে পারছে না। কোনো রাজনৈতিক চাপ নাকি মানসিক অবসাদ ছিল এর পেছনে, তা নিয়ে গভীর ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
