লেটেস্ট নিউজ

সারদা কাণ্ডে ১৩ বছর পর বিস্ফোরক মোড় শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বহুচর্চিত সারদা চিটফান্ড মামলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ ১৩ বছর পর এই কেলেঙ্কারির তদন্তে গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জনসমক্ষে আনার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ প্রদান করে। আদালতের এই সিদ্ধান্তের ফলে সারদা কাণ্ডের আড়ালে থাকা বহু গুরুত্বপূর্ণ নথি এবং আর্থিক লেনদেনের হিসেব সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

২০১৩ সালে সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর ক্ষতিগ্রস্ত আমানতকারীদের স্বার্থে রাজ্য সরকার বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছিল। সেই সময় সরকারি তহবিল থেকে প্রায় ২২৫ কোটি টাকা ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে কমিশনের কাজ শেষ হলে সমস্ত রিপোর্ট ও অবশিষ্ট অর্থ রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হলেও সেই পূর্ণাঙ্গ প্রতিবেদন এতদিন জনসমক্ষে আনা হয়নি।

রিপোর্ট প্রকাশের দাবিতে আমানতকারীদের দায়ের করা মামলার শুনানিতে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অনুপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। বিচারপতি ভরদ্বাজ সতর্ক করে জানান, গুরুত্বপূর্ণ এই মামলাগুলোতে কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত না থাকলে আদালত কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় এই রিপোর্ট নতুন কোনো দিক উন্মোচন করে কি না, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *