সিএবি লিগে এক ওভারে ৬ ছক্কা, নজির হাবড়ার অঙ্কন আইচের

সিএবি দ্বিতীয় ডিভিশন লিগে কাস্টমস মাঠে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন হাবড়ার তরুণ ক্রিকেটার অঙ্কন আইচ। ২৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও ২৫টি ছক্কা।
আয়াজ উদ্দিন সিদ্দিকের সঙ্গে ২০৪ রানের পার্টনারশিপ এই সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা পালন করেছে বলে অঙ্কন জানিয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ফিলোজফি অনার্স নিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছেন এই ক্রিকেটার। পড়াশোনা ও ক্রিকেট একসঙ্গে চালিয়ে যাওয়ার জন্য তিনি নিয়মিত পরিশ্রম করেন।
পরিবারের সমর্থন ও কার্তিক, শিলাদিত্য মজুমদার, আব্দুল, মনীশ, সৈকত ও বিজয় স্যারের মতো কোচেদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেছেন অঙ্কন। এক ওভারে ৩৭ রান করার কৃতিত্ব অর্জন করলেও তিনি এখনই নিজেকে বড় মাপের ক্রিকেটারদের সারিতে বসাতে নারাজ। ধাপে ধাপে এগিয়ে আগামী বছর ফার্স্ট ডিভিশন লিগে খেলা এবং ভবিষ্যতে রঞ্জি ট্রফি ও ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করাই তাঁর লক্ষ্য। বিরাট কোহলির অনুরাগী অঙ্কন লেগ স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহল ও শেন ওয়ার্নকে নিজের আদর্শ মনে করেন।
