সিন্ডিকেট ও কাটমানি রুখতে কড়া পদক্ষেপ! ৪টি টোল-ফ্রি নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী – এবেলা

সিন্ডিকেট ও কাটমানি রুখতে কড়া পদক্ষেপ! ৪টি টোল-ফ্রি নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: রাজ্যে সিন্ডিকেট রাজ, কাটমানি, বেআইনি মদ এবং অবৈধ টোল আদায় রুখতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। মঙ্গলবার ভবানীভবন থেকে এই বিশেষ পরিষেবাগুলির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সাধারণ মানুষ এখন সরাসরি নির্দিষ্ট নম্বরে ফোন করে এই সমস্ত বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।

সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই টোল-ফ্রি নম্বরগুলি চালু থাকবে এবং একসঙ্গে চারটি নম্বরেই অভিযোগ জানানো যাবে। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ দ্রুত পদক্ষেপ করবে এবং প্রয়োজনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে এই নম্বরগুলির যাতে কোনো অপব্যবহার না হয়, সে বিষয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ব্যক্তিগত প্রতিহিংসা মেটানোর জন্য এই নম্বরগুলি ব্যবহার করা যাবে না এবং সঠিক তথ্য না দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ জানানোর জন্য টোল-ফ্রি নম্বরগুলি হল:

  • ১৫৫৩৩৯ (বেআইনি মদ সংক্রান্ত)
  • ১৫৫৩৩৫ (সিন্ডিকেট রাজ সংক্রান্ত)
  • ১৫৫৩৩৪ (কাটমানি সংক্রান্ত)
  • ১৫৫৩৩৭ (বেআইনি টোল সংক্রান্ত)

পাশাপাশি, পশ্চিমবঙ্গের পুলিশের ঐতিহ্য ও গরিমা ফিরিয়ে আনার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কলকাতা পুলিশকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করা হবে। এছাড়া, পুলিশের শক্তি বৃদ্ধি করতে আগামী দিনে রাজ্যে ১ লক্ষেরও বেশি পুলিশকর্মী নিয়োগ করা হবে বলেও ঘোষণা করেন তিনি। পুজোর আগেই পাশ করা কনস্টেবলদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *