সীমান্তের কাঁটাতারে হারিয়ে যাচ্ছে শতবর্ষী রাম-সীতা মন্দির! ওপারে যাওয়ার ভয়ে ফুসছে বসিরহাট! – এবেলা

এবেলা ডেস্কঃ
সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে বসিরহাটের স্বরূপনগর এলাকায় চলছে কাঁটাতার লাগানোর কাজ। তবে এই প্রশাসনিক পরিকল্পনার জেরে ভারতের ভূখণ্ডের মধ্যে থাকা একটি প্রাচীন রাম-সীতা মন্দির চলে যাচ্ছে বাংলাদেশে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেবল ধর্মীয় উপাসনা নয়, এই মন্দিরটি ওই অঞ্চলের লক্ষাধিক মানুষের আবেগ, সংস্কৃতি এবং সামাজিক পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছর বৈশাখী পূর্ণিমায় এখানে বড়ো মেলা বসে। দেবস্থানটি ওপারে চলে যাওয়ায় ক্ষুব্ধ জনতা প্রশ্ন তুলেছেন, নিরাপত্তার অজুহাতে কেন মানুষের বিশ্বাস ও সংস্কৃতিকে এভাবে বিসর্জন দেওয়া হবে?
শুধু মন্দিরই নয়, এই কাঁটাতার বসানোর ফলে সীমান্তবর্তী পাঁচটি গ্রামের বিস্তীর্ণ অংশ, বহু কৃষিজমি, প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র এবং পোস্ট অফিসও ওপারে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে স্থানীয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং চাষবাস চরম অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে। জেলা প্রশাসন বিষয়টি নিয়ে এখনও কোনো স্পষ্ট মন্তব্য না করলেও, ক্ষুব্ধ গ্রামবাসীরা এর বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নিরাপত্তার বিরোধিতা না করলেও সাধারণ মানুষের জীবন ও সংস্কৃতির ওপর এই আঘাতকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
