সীমান্তে অনুপ্রবেশের জের? জনবিন্যাস বদল রুখতে এবার মাঠে নামছে শাহের ‘স্পেশাল টিম’ – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে অস্বাভাবিক হারে বদলে যাচ্ছে জনসংখ্যা! এই আশঙ্কাজনক পরিস্থিতি রুখতে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। দেশের সীমান্ত এলাকা, শিল্পনগরী এবং বড় মেট্রো শহরগুলোতে অনুপ্রবেশ বা অন্য কোনো কারণে জনবিন্যাসে বদল ঘটছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে কড়া নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার এক উচ্চপর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এই ডেমোগ্রাফি কমিটিকে স্পষ্ট জানান, দেশের সার্বিক জনসংখ্যা বৃদ্ধির গড়ের তুলনায় যে সব এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার অস্বাভাবিক, সেখানে নির্দিষ্ট কিছু ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের কাঠামোগত পরিবর্তন খতিয়ে দেখতে হবে।
অনুপ্রবেশ রুখতে শাহের মেগা প্ল্যান:
গত মে মাসে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে এই শক্তিশালী কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রক। এই কমিটিতে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার থেকে শুরু করে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদেরাও রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, জনবিন্যাসের এই বদল কেবল একটি ভৌগোলিক বিষয় নয়, এর সাথে দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা, সামাজিক কাঠামো এবং স্থানীয় জনজাতিদের অধিকার জড়িয়ে রয়েছে।
কমিটির মূল লক্ষ্য কী?
প্রশাসনিক সূত্রে জানা গেছে, সীমান্ত পারাপার, অবৈধ অনুপ্রবেশ, অর্থনৈতিক সুযোগ নাকি সামাজিক কারণে জনসংখ্যা বাড়ছে— তার মূল উৎস চিহ্নিত করবে এই কমিটি। এরপর এই সমস্যা মোকাবিলার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপের সুপারিশ করবে তারা। অমিত শাহ মনে করিয়ে দিয়েছেন, কমিটির প্রধান কাজই হলো— দেশের আইন মেনে অনুপ্রবেশকারীদের নিখুঁতভাবে শনাক্ত করা, তাদের আটক করা এবং দেশছাড়া করার একটি স্থায়ী ও সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট তৈরি করা।
