‘সুদ সমেত ফিরিয়ে দেব!’ আমতলায় অফিস ভাঙচুরের ঘটনায় বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেকের – এবেলা

এবেলা ডেস্কঃ
ডায়মন্ড হারবারের আমতলায় নিজের কার্যালয় ভাঙচুরের ঘটনায় এবার তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি বিজেপিকে ‘সুদ সমেত’ হিসাব ফিরিয়ে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক নিউটনের তৃতীয় সূত্রের প্রসঙ্গ টেনে আনেন। বিরোধীদের উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সর্বশক্তিমান ঈশ্বর যদি বাঁচিয়ে রাখেন, যে ধারায় ভেঙেছে, ঠিক সেই একই ধারায় আমি সুদ সমেত ফিরিয়ে দেব।”
প্রসঙ্গত, সম্প্রতি তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূলের একটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। আর এই ঘটনার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলেই অভিযোগ ঘাসফুল শিবিরের। এবার সেই অভিযোগের ভিত্তিতেই কড়া ভাষায় গর্জে উঠলেন খোদ সাংসদ। অভিষেকের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে উত্তাপ যে আরও বেশ কয়েক গুণ বাড়ল, তা বলাই বাহুল্য।
