সুপ্রিম কোর্টের নির্দেশে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের নির্ঘণ্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ আবারও দুই সপ্তাহ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, নির্বাচন কমিশনকে চিহ্নিত সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নথি জমা দেওয়ার জন্য অন্তত ১০ দিন সময় দিতে হবে। এছাড়াও রাজ্যে বর্তমানে কয়েক লক্ষ ভোটারের শুনানি ও নোটিশ ইস্যু করার কাজ বাকি রয়েছে। দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত নোটিশ অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারির মধ্যে পঞ্চায়েত ও ব্লক স্তরে আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিবর্তিত পরিস্থিতিতে চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা ১৪ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে। কমিশনের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত শুনানি শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধনের এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে রাজ্যে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক নির্ঘণ্ট ঘোষণা মার্চ মাসের আগে হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। বর্তমানে জেলাস্তরে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন।

