সুয়েজ খালে ভারতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার প্রস্তাব মিশরের

মিশর সফরে গিয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চলে ভারতের জন্য একটি নির্দিষ্ট অঞ্চল বরাদ্দের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই পথে ভারতের জন্য বিশেষ জায়গা পাওয়ার বিষয়টি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। মন্ত্রী জানিয়েছেন, প্রস্তাবিত স্থানগুলো খতিয়ে দেখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেবেন। বর্তমান বিশ্ব পরিস্থিতির অস্থিরতার কথা মাথায় রেখে তিনি বাণিজ্যিক লাইফলাইনগুলোর সুরক্ষায় মিশরের মতো নির্ভরযোগ্য অংশীদারের গুরুত্ব তুলে ধরেন।
এই সফরে মন্ত্রীর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যারোস্পেস, প্রতিরক্ষা, কৃষি-খাদ্য, ক্লিন এনার্জি এবং সার খাতের একটি বৃহৎ ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদল রয়েছে। পীযূষ গোয়েল জানান, মিশর যে ১২ থেকে ১৩টি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে, সেগুলোর সঙ্গে ভারতের শক্তির সমন্বয় ঘটানোই এখন মূল লক্ষ্য। দুই দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে ভবিষ্যতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা মুক্ত বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চিকিৎসা সরঞ্জাম, জেনেরিক ওষুধ, ভ্যাকসিন এবং অটোমোবাইল খাতের মতো ক্ষেত্রগুলোতেও দুই দেশের মধ্যে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। মিশরকে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের প্রবেশদ্বার হিসেবে অভিহিত করে তিনি এই সফরকে আগামী দিনের বৃহত্তর সম্পর্কের পূর্বাভাস বলে বর্ণনা করেছেন। ২০২৮ সালের মধ্যে দুই দেশের মধ্যে কোনো বড় ধরনের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মিশরের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী মহম্মদ ফরিদ সালেহ আশাপ্রকাশ করেছেন।
