সু চির কারাদণ্ড কমল, মায়ানমারে মুক্তি পেলেন ৪ হাজারের বেশি বন্দি!

মায়ানমারের সামরিক জুন্টার প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সরকার গঠনের পরপরই গণতন্ত্রকামী নেত্রী আউং সান সু চির কারাদণ্ডের মেয়াদ কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা প্রশমন ও মানবিক দিক বিবেচনায় মোট ৪,৩৩৫ জন বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে নতুন প্রশাসন। এছাড়া যেসব অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আদেশ ছিল, তাদের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে থাকা মিয়ানমার সরকার নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক বন্দিদের মুক্তি ও সু চির সাজা কমানোর মাধ্যমে নতুন সরকার মূলত অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি সমঝোতার চেষ্টা করছে। সব মিলিয়ে এই সিদ্ধান্তের ফলে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।
