সেবা সেতু অভিযানের শুরুতেই তুলকালাম! অন্নপূর্ণা যোজনার দাবিতে জেলায় জেলায় ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ

সেবা সেতু অভিযানের শুরুতেই তুলকালাম! অন্নপূর্ণা যোজনার দাবিতে জেলায় জেলায় ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ

সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকারের সূচিত ‘সেবা সেতু অভিযান’-এর প্রথম দিনেই কলকাতা লাগোয়া জেলাগুলিতে তীব্র অসন্তোষ ও তাণ্ডব দেখা গেল। নির্ধারিত পরিষেবার তালিকায় ‘অন্নপূর্ণা যোজনা’ অন্তর্ভুক্ত না থাকায় বিক্ষোভে ফেটে পড়েন বঞ্চিত মহিলারা। উত্তর ২৪ পরগনার রাজারহাট, বারাসত, মধ্যমগ্রাম থেকে শুরু করে হাওড়ার উদয়নারায়ণপুর ও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে সরকারি শিবিরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কোথাও চেয়ার-টেবিল উলটে ফেলা হয়, আবার কোথাও প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবিযুক্ত সরকারি ব্যানারে আগুন ধরিয়ে দেওয়া হয়। বারাসতে টাকি রোড অবরোধের পাশাপাশি পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি বাধে।

পরিস্থিতি সামাল দিতে বারুইপুরসহ বেশ কিছু এলাকায় শিবির সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন। রাজারহাটে ভাঙচুরের অভিযোগে এক মহিলাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুগলির বলাগড় ও শ্রীরামপুর এলাকাতেও একই ছবি ধরা পড়েছে। প্রথম দিনের এই তিক্ত অভিজ্ঞতার পর নবান্ন থেকে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনি ও রবিবার ছুটির দিনেও শিবিরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার আবেদন জমা নেওয়া যাবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *