সৈয়দ মুস্তাক আলি ট্রফি: ঝাড়খন্ডকে হারিয়ে দ্বিতীয় জয় পেল বাংলা

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে ঝাড়খন্ডকে সাত উইকেটে হারিয়ে জয় তুলে নিল বাংলা। মুম্বইয়ে আয়োজিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ঝাড়খন্ড নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। ঝাড়খন্ডের হয়ে বিরাট সিংহ ৪৫ এবং শিখর মোহন ৪২ রান করেন। বাংলার বোলারদের মধ্যে মুকেশ কুমার, সায়ন ঘোষ এবং ঋষভ চৌধুরি প্রত্যেকে দুটি করে উইকেট দখল করেন।
জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই করণ লালকে হারায় বাংলা। তবে এরপরই ম্যাচের হাল ধরেন অভিমন্যু ঈশ্বরণ এবং অভিষেক পোড়েল। দ্বিতীয় উইকেটে এই জুটি ৯২ রান যোগ করে দলকে জয়ের ভিত গড়ে দেয়। অভিষেক ৩৪ বলে ৪৯ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি চার ও দুটি ছয়। ১৩তম ওভারে অভিষেক আউট হওয়ার পর শাকিব গাঁধী দ্রুত ফিরে গেলেও জয়ের পথে কোনো বাধা আসেনি।
শেষ পর্যন্ত অভিমন্যু ঈশ্বরণ ৪৮ বলে অপরাজিত ৬১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছয়। শেষদিকে যুবরাজ কেসওয়ানি অপরাজিত ১১ রান করে তাকে যোগ্য সঙ্গত দেন। ১৮.৪ ওভারে তিন উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। এই জয়ের ফলে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করল বাংলা দল।
