সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভোটার তালিকায় নাম সংক্রান্ত মামলায় দিল্লি পুলিশের রিপোর্ট তলব আদালতের

সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভোটার তালিকায় নাম সংক্রান্ত মামলায় দিল্লি পুলিশের রিপোর্ট তলব আদালতের

সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা সংক্রান্ত একটি মামলায় দিল্লি পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বিনোদ যোশী এই নির্দেশ দিয়েছেন। অভিযোগকারীর আইনজীবীর দাবি, সোনিয়া গান্ধী ১৯৮৩ সালের ৩০ এপ্রিল ভারতীয় নাগরিকত্ব লাভ করেন। অথচ তার তিন বছর আগেই, অর্থাৎ ১৯৮০ সালের ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা জালিয়াতি ও প্রতারণার শামিল।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর তৎকালীন অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া এই অভিযোগটি খারিজ করে দিয়েছিলেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, কংগ্রেস নেত্রী জাল নথিপত্র তৈরি করেছেন এমন কোনো জোরালো প্রমাণ নেই এবং ভিত্তিহীন দাবির ওপর ভিত্তি করে আইনি অভিযোগ দাঁড় করানো সম্ভব নয়। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন জানানো হয়।

গত ২১ সেপ্টেম্বর বিশেষ বিচারক বিশাল গোগনে পূর্ববর্তী খারিজের নির্দেশ রদ করে দেন। বিশেষ বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর বিধান মেনে এফআইআর দায়েরের আবেদনের নিষ্পত্তির আগে ম্যাজিস্ট্রেটের পুলিশের থেকে রিপোর্ট চাওয়া এবং তদন্তকারী আধিকারিকের বক্তব্য শোনা প্রয়োজন। পূর্ববর্তী আদেশে সেই আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেই তা বাতিল করা হয়। এখন দিল্লি পুলিশ কী রিপোর্ট পেশ করে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *