সোমবার কলকাতায় তুমুল যানজটের আশঙ্কা: বন্ধ একাধিক মূল রাস্তা, দেখে নিন বিকল্প রুট! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: প্রথমবারের মতো ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ১০ অগস্ট (সোমবার) এই উপলক্ষে তিলোত্তমায় এক সুবিশাল ‘তিরঙ্গা যাত্রা’র আয়োজন করা হয়েছে। ধর্মতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হওয়া এই মিছিলে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে। জনসমাগমের কথা মাথায় রেখে শহরের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
যেহেতু ১০ অগস্ট সপ্তাহের প্রথম কাজের দিন, তাই নিত্যযাত্রীদের দুর্ভোগ এড়াতে একটি নির্দেশিকা জারি করে বন্ধ থাকা রাস্তাগুলির তালিকা প্রকাশ করা হয়েছে।
🚫 যান চলাচলে যেখানে প্রভাব পড়বে:
- সম্পূর্ণ বন্ধ থাকবে: ময়দানগামী কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।
- পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ: দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড এবং এসপি মুখার্জি রোডে ভারী বা পণ্যবাহী গাড়ি চলাচলে কড়া নিষেধাজ্ঞা থাকছে।
🚚 জরুরি পরিষেবায় ছাড়:
নিত্যপ্রয়োজনীয় এবং জরুরি পরিষেবার যান যেমন—ওষুধ, অক্সিজেন, এলপিজি/সিএনজি, পেট্রোল-ডিজেল, দুধ, মাছ, ফল ও সবজি বহনকারী গাড়িগুলির ওপর কোনও নিষেধাজ্ঞা থাকবে না।
পরিস্থিতি অনুযায়ী সোমবারে শহরের মূল ও সংযোগকারী রাস্তাগুলিতেও যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে। সপ্তাহের শুরুতেই গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে বাড়তি সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।
