সোশাল মিডিয়ায় ভাইরাল রবীন্দ্রসংগীত! চাকরি গেল গানওয়ালা নিরাপত্তারক্ষীর? – এবেলা

এবেলা ডেস্কঃ
রবীন্দ্রসংগীতকে জীবনের একমাত্র অবলম্বন করে চলা শান্তিনিকেতনের সঙ্গীতভবনের প্রাক্তনী শোভন চক্রবর্তী এখন গভীর সংকটে। রুটিরুজির টানে কলকাতার একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ শুরু করলেও, তাঁর গাওয়া গান সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই আকস্মিক ভাবে চাকরি হারাতে হয় তাঁকে। শান্তিনিকেতন ছেড়ে বর্তমানে কলকাতার বেহালায় বৃদ্ধা মাকে নিয়ে দিন কাটাচ্ছেন তিনি। অভাবের তাড়নায় জীবনের পথ বারবার বাঁক বদল করলেও রবীন্দ্রচর্চা থেকে এক মুহূর্তের জন্যও সরে দাঁড়াননি এই শিল্পী।
চাকরি চলে যাওয়ার পর ভেঙে না পড়ে গানকে সম্বল করেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন শোভন। বর্তমানে কলকাতার বা শান্তিনিকেতনে স্থায়ীভাবে গান শেখানোর জন্য একটি জায়গার খোঁজে রয়েছেন তিনি। আর্থিক সাহায্যের কোনো আর্জি না জানিয়ে, রবীন্দ্রনাথের গান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়েই জীবন কাটাতে চান তিনি। শৈশবে মায়ের কাছে হাতেখড়ি হওয়া এই শিল্পী বিশ্বাস করেন, যে গান তাঁকে আজীবন শক্তি যুগিয়েছে, সেই রবীন্দ্রসংগীতই আগামী দিনে তাঁর সমস্ত অনিশ্চয়তা দূর করবে।
