স্কোয়াশে অবিশ্বাস্য ইতিহাস আনাহতের! প্রথম ভারতীয় হিসেবে জয় করলেন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ – এবেলা

স্কোয়াশে অবিশ্বাস্য ইতিহাস আনাহতের! প্রথম ভারতীয় হিসেবে জয় করলেন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ – এবেলা

এবেলা ডেস্কঃ

কানাডার নায়াগ্রা-অন-দ্য-লেকে রূপকথার জন্ম দিলেন ভারতের তরুণী স্কোয়াশ সেনসেশন আনাহত সিং। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দিয়ে তিনি দেশের ইতিহাসে প্রথমবার ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়ন (World Junior Squash Champion) হওয়ার গৌরব অর্জন করলেন।

মাত্র ১৮ বছর বয়সি শীর্ষ বাছাই আনাহত ফাইনালে মিশরের দ্বিতীয় বাছাই রুকাইয়া সালেমকে সরাসরি ১১-৩, ১১-৭, ১১-৯ গেমে উড়িয়ে দিয়ে নিজের কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্যের মুকুট পরেছেন। এই জয়ের ফলে কেবল নিজের মুকুটে নতুন ডালপালা যোগ হল না, পাশাপাশি ২০১০ সালে মার্কিন খেলোয়াড় আমান্ডা সোবির পর প্রথম অ-মিশরীয় হিসেবে তিনি এই শিরোপা জিতলেন। একই সঙ্গে প্রতিযোগিতায় মিশরের টানা ১৫ বছরের একচ্ছত্র আধিপত্যেরও অবসান ঘটালেন এই ভারতীয় তরুণী।

ভারতীয় স্কোয়াশে ঐতিহাসিক মাইলফলক

২০০৫ সালে জোশনা চিনাপ্পা রানার-আপ হয়ে ইতিহাস গড়ার কাছাকাছি পৌঁছলেও, এতদিন কোনো ভারতীয় এই শিরোপা ঘরে তুলতে পারেননি। চলতি সপ্তাহেই ফাইনালে জায়গা করে নিয়ে ২১ বছরের পুরনো আক্ষেপ ঘুচিয়েছিলেন আনাহত। আর এবার শিরোপা ছিনিয়ে নিয়ে সোনা জয় করলেন দিল্লির এই কৃতি কন্যা।

পুরো টুর্নামেন্ট জুড়েই শীর্ষ বাছাই হিসেবে দাপট বজায় রেখেছিলেন তিনি। কোয়ার্টার-ফাইনালে মিশরের হাবিবা রিজককে হারানোর পর, সেমি-ফাইনালে অপর মিশরীয় প্রতিদ্বন্দী বার্ব সামেহকে ৩-১ গেমে পরাজিত করে ফাইনালে নাম লেখান।

ফাইনালের মঞ্চেও রুকাইয়া সালেমের বিরুদ্ধে চরম পেশাদারিত্ব ও নিখুঁত কৌশল দেখান আনাহত। প্রথম গেম ১১-৩ ব্যবধানে সহজে জেতার পর, দ্বিতীয় গেমেও দাপট বজায় রেখে ১১-৭ পয়েন্টে জয় তুলে নেন। তৃতীয় গেমে প্রতিপক্ষ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, অত্যন্ত ঠান্ডা মাথায় স্নায়ুর চাপ সামলে ১১-৯ ব্যবধানে ম্যাচ ও শিরোপা নিজের নামে করেন তিনি। টুর্নামেন্টে একটিও গেম না হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া তাঁর এই জয়কে আরও বেশি বিশেষ করে তুলেছে।

স্কোয়াশের দুনিয়ায় উজ্জ্বল ভবিষ্যৎ

ভারতের ক্রীড়া জগতে অন্যতম সেরা প্রতিশ্রুতিমান প্রতিভা হিসেবে নিজেকে বহু আগেই প্রমাণ করেছেন আনাহত। চলতি বছরেই বিশ্বের শীর্ষ ২০ র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নেওয়ার পাশাপাশি একাধিক পিএসএ (PSA) শিরোপা জিতেছেন তিনি। এর আগে এশিয়ান গেমসে পদক জয় এবং সিনিয়র পর্যায়ে তাঁর ধারাবাহিক সাফল্য তাঁকে দেশের অন্যতম ভরসাযোগ্য অ্যাথলেটে পরিণত করেছে।

জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নের মুকুট তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে এক নতুন অধ্যায় যোগ করল। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে স্কোয়াশ প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হতে চলেছে, যেখানে আনাহতের এই ঐতিহাসিক সাফল্য দেশের পদক জয়ের আশাকে আরও বহুগুণ বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *