স্টার জলসার নতুন ধারাবাহিকে গ্যাংস্টার লুকে সোমরাজ, বিপরীতে থাকছেন পর্ণা

টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতিকে শীঘ্রই একটি নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে। তবে এবার জি বাংলার পরিবর্তে স্টার জলসার পর্দায় নতুন অবতারে ধরা দেবেন তিনি। সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্টের প্রযোজনায় আসতে চলা এই নতুন ধারাবাহিকের নাম হতে পারে ‘গুরু’। এই প্রথমবার কোনো ধারাবাহিকে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোমরাজকে, যা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
নতুন এই ধারাবাহিকে সোমরাজের বিপরীতে অভিনয় করতে পারেন ছোটপর্দার পরিচিত মুখ পর্ণা চক্রবর্তী। এর আগে ‘কম্পাস’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন পর্ণা। সব কিছু ঠিক থাকলে এই নতুন ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় একটি নতুন জুটি উপহার পেতে চলেছেন দর্শক। তবে পর্ণার চরিত্রটি ঠিক কেমন হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, এর আগে সোমরাজ ও সাইনার জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। তবে নতুন এই ধারাবাহিকে তাঁদের একসঙ্গে দেখা যাবে না। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ডিসেম্বর মাস থেকেই এই নতুন ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। একেবারে ভিন্ন ধরনের চরিত্রে সোমরাজকে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।
