স্ত্রী অসুস্থ বলে মহিলা কর্মীকে কুপ্রস্তাব, ভাইরাল ভিডিও সামনে আসতেই শ্রীঘরে শিক্ষক!

উত্তরপ্রদেশের কুশীনগরে এক বেসরকারি স্কুল পরিচালকের বিরুদ্ধে সহকর্মীকে শ্লীলতাহানি ও নির্লজ্জ কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্কুল পরিচালক দীনেশ রাইয়ের পাঁচ মিনিটের একটি আপত্তিকর ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত ভিডিওতে তাঁকে স্কুলেরই এক মহিলা কর্মীকে অত্যন্ত অশালীন প্রস্তাব দিতে দেখা যায়। স্ত্রীকে অসুস্থ দাবি করে ওই মহিলার সঙ্গে রাতের বেলা শারীরিক সম্পর্ক স্থাপনের আবদার জানাতেও শোনা যায় অভিযুক্তকে। ভিডিওটি দ্রুত ভাইরাল হতেই ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে নেটপাড়ায়।
ঘটনার গুরুত্ব উপলব্ধি করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে রবীন্দ্রনগর ধূস থানার পুলিশ প্রশাসন। অভিযুক্ত দীনেশ রাইয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারায় যৌন হেনস্থা, আঘাত ও হুমকির মামলা রুজু করা হয়েছে। পুলিশি অভিযানে অভিযুক্ত শিক্ষককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত ভিডিও ও সাক্ষ্য-প্রমাণ খতিয়ে দেখে ধৃতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
