স্বাধীনতার আগেই বড় নাশকতার ছক! ফোর্ট উইলিয়ামের ম্যাপসহ হাবড়ায় গ্রেপ্তার পাক চর! – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়সড় নাশকতার পরিকল্পনা ফাঁস করে দিয়ে হাবড়ায় এসটিএফের জালে ধরা পড়ল এক পাকিস্তানি আইএসআই এজেন্ট এবং তার এক সহযোগী। দীর্ঘ চৌদ্দ বছর ধরে ভারতে লুকিয়ে থেকে ভুয়া নথিপত্র তৈরি করে এই চক্রটি বিভিন্ন স্পর্শকাতর তথ্য পাকিস্তানে পাচার করছিল বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে যশোর রোড ধরে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর সময় এসটিএফের হাতে গ্রেপ্তার হয় রানা রউফ খালিদ এবং তার সহযোগী মহম্মদ ইজাজ। ধৃতদের কাছ থেকে কলকাতার স্পর্শকাতর সেনা সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের ছবি ও ম্যাপ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে তদন্তকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতদের মূল লক্ষ্য ছিল ভারতীয় সেনার গতিবিধি, সামরিক পরিকাঠামো এবং রেলের গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দেওয়া। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক দেশের মোবাইল নম্বর, সিম কার্ড এবং নোটবুক ঘেঁটে আন্তর্জাতিক চক্রের সন্ধান মিলেছে। এর আগে ধৃত হামিম মণ্ডল, অর্পিতা সরকার ও আদিত্য সিংয়ের সঙ্গে তাদের যোগাযোগের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। ১৪ বছর ধরে তারা এ রাজ্যে ঠিক কার আশ্রয়ে ছিল এবং কীভাবে ভুয়া ভোটার ও পরিচয়পত্র তৈরি করেছিল, তা জানতে যৌথভাবে তদন্ত চালাচ্ছে এসটিএফ ও সেনা গোয়েন্দারা।
