স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণ, নজর ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছরে – এবেলা

এবেলা ডেস্কঃ
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ, শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সচিবালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভাষণটি আকাশবাণীর জাতীয় নেটওয়ার্ক এবং দূরদর্শনের সমস্ত চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংস্করণে ভাষণটি দেখা ও শোনা যাবে। এরপর রাত ৯টা ৩০ মিনিট থেকে দূরদর্শন ও আকাশবাণীর আঞ্চলিক চ্যানেলগুলোতে ভাষণের বাংলাসহ বিভিন্ন আঞ্চলিক রূপান্তর সম্প্রচার করা হবে।
রাষ্ট্রপতির এই ভাষণের মধ্য দিয়েই সারাদেশে শুরু হচ্ছে মূল স্বাধীনতা দিবসের উদ্যাপন। আগামীকাল, ১৫ আগস্ট দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, এবারের স্বাধীনতা দিবসের উদ্যাপনে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে দেশের তরুণ প্রজন্ম তথা ‘যুব শক্তি’র ভূমিকার ওপর বাড়তি জোর দেওয়া হচ্ছে।
