‘স্বামী মারা গেছেন ৪২ দিন আগে, অথচ…’: সরকারি স্বাস্থ্যবিমার মেসেজে ক্ষোভে ফেটে পড়লেন মৃতের স্ত্রী – এবেলা

‘স্বামী মারা গেছেন ৪২ দিন আগে, অথচ…’: সরকারি স্বাস্থ্যবিমার মেসেজে ক্ষোভে ফেটে পড়লেন মৃতের স্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

ছত্তীসগড়ের অম্বিকাপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ জুন মারা যান দেবনারায়ণ রাম নামে এক পুলিশ কনস্টেবল। পরিজনরা তাঁর শেষকৃত্য সম্পন্ন করেছেন এবং সরকারি ডেথ সার্টিফিকেটও হাতে পেয়ে গেছেন। অথচ, মৃত্যুর দীর্ঘ ৪২ দিন পর তাঁর মোবাইলে ‘আয়ুষ্মান সারথি’ থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা আসে, যেখানে লেখা ছিল—তিনি নাকি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং নিখরচায় চিকিৎসা পেয়ে সন্তুষ্ট!

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন মৃতের স্ত্রী সীমা কুজুর, যিনি নিজেও ওই হাসপাতালের কর্মী। সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি প্রশ্ন তোলেন, “মৃত্যুর শংসাপত্র পাওয়ার পরও কীভাবে এক জন মৃত ব্যক্তির নথিতে এমন প্রযুক্তিগত ভুল থাকে?” তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি পরিবারটির আশঙ্কা, মৃত্যুর পরেও কি তাঁর কার্ড ব্যবহার করে অর্থ তছরুপ করা হয়েছে?

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ আর্থিক অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, কেবল চিকিৎসার চার দিনের অর্থই নেওয়া হয়েছিল। তাদের দাবি, ডেটা এন্ট্রি অপারেটরের গাফিলতি এবং প্রশাসনিক প্রক্রিয়ার বিলম্বের কারণেই স্বয়ংক্রিয়ভাবে এই মেসেজটি চলে গেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মীকে আয়ুষ্মান কার্ডের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের এই ব্যাখ্যায় মন ভরেনি পরিবারের, তারা পুরো বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে অনড়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *