স্বাস্থ্যবিমা প্রকল্পে বেনিয়মের অভিযোগে কড়া পদক্ষেপ করল স্বাস্থ্যদফতর – এবেলা

এবেলা ডেস্কঃ
কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-র ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি বাছাইয়ের উচ্চ পর্যায়ের ই-টেন্ডার প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হল পরিচিত টিপিএ সংস্থা ‘মেডি অ্যাসিস্ট ইনসিওরেন্স টিপিএ প্রাইভেট লিমিটেড’-কে। স্বাস্থ্যদপ্তরের অধীনে থাকা রাজ্য স্বাস্থ্য সংস্থা বা স্টেট হেলথ এজেন্সি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিদায়ী সরকারের সময়ে দায়িত্ব পালনকালে নির্দেশিকা অমান্য করা এবং একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছিল সংস্থাটির বিরুদ্ধে। স্বাস্থ্যভবনের তথ্য অনুযায়ী, সরকারি প্রকল্পের নির্দিষ্ট গাইডলাইন মেনে চলার ক্ষেত্রে বারবার ব্যর্থ হওয়ার কারণেই এই পদক্ষেপ।
সংস্থাটিকে ই-টেন্ডার থেকে সরাসরি বাতিল করার সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। স্বাস্থ্যভবনের এই কঠোর পদক্ষেপকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের প্রেস বিবৃতিতে জানানো হয়, টিপিএ কর্মীদের কমিশন আদায় ও নানা অনৈতিক দাবি নিয়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমে ছিল। স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতি ও অসাধু কার্যকলাপ রোধ করতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় ও স্পষ্ট বার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
