স্বাস্থ্যসচিব এখনও পদে কেন? মুখ্যমন্ত্রীর সামনেই তোপের মুখে নারায়ণ স্বরূপ নিগম, কী বললেন মুখ্যমন্ত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ
আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। শুক্রবার আরজি কর হাসপাতালে এবিভিপি-র চিকিৎসক সংগঠনের সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে দাঁড়িয়ে তিনি ক্ষোভপ্রকাশ করেন। নিগম এখনও কেন স্বপদে বহাল রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলে শৌচাগার ভাঙার নির্দেশ দেওয়ার গুরুতর অভিযোগ আনেন তিনি। সিবিআইয়ের তদন্ত রিপোর্টের একটি প্রতিলিপিও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন নির্যাতিতার পরিবার।
অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, হাসপাতালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দফতরের এবং ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রয়োজন। তবে স্বাস্থ্যসচিব সত্যিই ওই নির্দেশ দিয়ে থাকলে তাঁকে দ্রুত বদলি করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আইপিএস আধিকারিকদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, আইনি পথে যথাসম্ভব ন্যায়বিচার নিশ্চিত করা হবে। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা।
