স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত নতুন ৫ এইমস, চিকিৎসা ও খরচ ফেরাতে মিলল বড় আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় সাধারণ মানুষের চিকিৎসার সুযোগ আরও সহজ করতে এক বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এখন থেকে দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গের কল্যাণী, বিহারের পাটনা, আসামের গুয়াহাটি, ওড়িশার ভুবনেশ্বর এবং ঝাড়খণ্ডের দেওঘর— এই পাঁচটি সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানেও (এইমস) পরিষেবা পাবেন উপভোক্তারা। অর্থ দপ্তরের মেডিক্যাল সেলের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত কলকাতা থেকে দূরের জেলাগুলির বাসিন্দাদের দ্রুত ও উন্নত চিকিৎসা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন এই সিদ্ধান্তের ফলে রোগীরা নিজেদের সুবিধা অনুযায়ী সংশ্লিষ্ট এইমসগুলির বহির্বিভাগে সরাসরি চিকিৎসা নেওয়া কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার পুরো স্বাধীনতা পাবেন।
স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চিকিৎসা খরচের বিল পরিশোধ ও পুনর্ভরণের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম স্পষ্ট করে দিয়েছে অর্থ দপ্তর। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নেওয়া অর্থ এবং সরকারের নির্ধারিত হারের মধ্যে যেটি কম হবে, উপভোক্তারা সেই পরিমাণ অর্থই ফেরত পাবেন। নির্দিষ্ট তালিকাভুক্ত রোগ ও চিকিৎসার ক্ষেত্রেই এই আর্থিক সুবিধা প্রযোজ্য হবে, তালিকায় নেই এমন চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র হাসপাতালটি স্বীকৃত হলেই খরচ মিলবে না। পাশাপাশি বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, এই পাঁচ শহরের এইমসে আসা-যাওয়ার জন্য স্বাস্থ্য প্রকল্পের আওতায় আলাদা কোনো যাতায়াত বা সফর-ভাতা প্রদান করা হবে না।
