স্বাস্থ্য সচেতনতায় কলকাতার রাস্তায় নামল ৩০০ সাইকেল আরোহী – এবেলা

এবেলা ডেস্কঃ
শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব যাতায়াত ও সামাজিক সচেতনতার বার্তা নিয়ে রবিবার তিলোত্তমায় আয়োজিত হলো ‘সাইকেল র্যালি ২০২৬’। ক্যালকাটা কাস্টমস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য পদযাত্রায় ১৩ থেকে ৭০ বছর বয়সি ৩০০-রও বেশি আরোহী অংশ নেন। সকাল ৭টায় স্ট্যান্ড রোডের কাস্টমস হাউস থেকে পতাকা উড়িয়ে এই যাত্রার সূচনা করেন কলকাতা কাস্টমস জোনের প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রাবণ কুমার। র্যালিতে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অজয়কুমার নন্দও। কাস্টমস হাউস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে আবার সেখানেই এসে সমাপ্ত হয় এই সচেতনতামূলক সাইকেল যাত্রা।
উদ্যোক্তাদের মতে, কর্মব্যস্ত জীবনের মাঝে সুস্থ জীবনযাপন ও পরিবেশ সংরক্ষণের ভাবনা জনসমক্ষে ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রাবণ কুমার জানান, স্বাস্থ্য ও সমাজ সচেতনতার গুরুত্ব বোঝাতেই তাদের এই প্রয়াস। অন্যদিকে, নিয়মিত শরীরচর্চার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পুলিশ কমিশনার ও কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট যোগেন্দ্র কুমার সকলকে প্রতিদিন সকালে কিছুটা সময় নিজের স্বাস্থ্যের জন্য বের করার আহ্বান জানান। প্রবীণ থেকে নবীন—সব বয়সের মানুষের এমন বিপুল অংশগ্রহণ শহরবাসীকে ফিট থাকার নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।
