স্মার্টফোনেই নিজের গণনা করুন নিজে, ডিজিটাল জনগণনায় যুগান্তকারী পদক্ষেপ কেন্দ্রের! – এবেলা

এবেলা ডেস্কঃ
ডিজিটাল ভারতের স্বপ্নপূরণে আরও এক ধাপ এগোল কেন্দ্র। বান্ডিল বান্ডিল কাগজ ও নথিপত্রের দিন শেষ করে ২০২৭ সালের জনগণনাকে সম্পূর্ণ ডিজিটাল রূপ দেওয়া হচ্ছে। এই প্রথম দেশের নাগরিকরা নিজেদের স্মার্টফোনের মাধ্যমে নিজেদের গণনা নিজেরাই করতে পারবেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই নতুন প্রক্রিয়ায় দ্রুতগতিতে জনগণনার কাজ শুরু হতে চলেছে। মূলত কাগজ-কলমের জটিলতা এড়িয়ে নির্ভুলভাবে এবং দ্রুত দেশের মানুষের প্রকৃত পরিসংখ্যান তুলে আনাই এই হাইটেক উদ্যোগের প্রধান কারণ। এর ফলে একদিকে যেমন সরকারি কর্মীদের সময় ও শ্রম বাঁচবে, তেমনই জাতীয় স্তরের তথ্য সংগ্রহ ও সংরক্ষণে অভাবনীয় গতি ও স্বচ্ছতা আসবে।
কীভাবে হবে এই ডিজিটাল স্ব-গণনা
আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে যে কোনও নাগরিক নিজের স্মার্টফোন ব্যবহার করে se.census.gov.in পোর্টালে তথ্য নথিভুক্ত করতে পারবেন। বৈধ মোবাইল নম্বর ও ওটিপি যাচাইকরণের মাধ্যমে পোর্টালটিতে লগইন করে মাত্র ৩৩টি সহজ প্রশ্নের উত্তর দিলেই সম্পন্ন হবে নিজের গণনা। যাঁরা প্রযুক্তিগত কারণে এই ‘সেল্ফ-এনুমারেশন’-এ অংশ নিতে পারবেন না, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তাঁদের বাড়ি চিহ্নিতকরণের বা ‘হাউস লিস্টিং’-এর কাজ। এরপর ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ‘এইচএলও’ (HLO) নামক বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে বাকিদের তথ্য সংগ্রহ করবেন।
প্রযুক্তিগত প্রস্তুতি ও নজরদারি
গোটা রাজ্যে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য দেড় লাখেরও বেশি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এনিউমারেটর বা তথ্য সংগ্রহকারী পথে নামছেন। ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত ‘ফিল্ড ট্রেনার’-দের প্রশিক্ষণ চলবে, যাঁরা পরবর্তীতে বুথ স্তরের কর্মীদের অ্যাপ ব্যবহার ও প্রযুক্তির পাঠ দেবেন। পাশাপাশি, জেলায় জেলায় ‘ডেডিকেটেড সেন্সাস মনিটরিং রুম’ তৈরি করা হচ্ছে। পুরুলিয়ার মতো বেশ কিছু জেলায় ইতিমধ্যেই এই কন্ট্রোল রুম চালু হয়ে গিয়েছে, যেখান থেকে সরাসরি সিএমএমএস পোর্টালে জনগণনার সর্বশেষ আপডেট রিয়েল-টাইমে পৌঁছে যাবে।
