স্যাপে বিশ্বজুড়ে ১০ হাজার কর্মী ছাঁটাই, ভারতেও প্রভাবের আশঙ্কা

এন্টারপ্রাইজ সফটওয়্যার নির্মাতা সংস্থা স্যাপ বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। সংস্থার পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরাসরি ছাঁটাই, স্বেচ্ছাবসর এবং স্বাভাবিক অবসরের মাধ্যমে কর্মী সংখ্যা কমানো হবে।
প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগগুলি এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে। স্যাপের ৭৮টি দেশে এক লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। ভারতে বেঙ্গালুরু, গুরুগ্রাম, মুম্বই, পুণে, হায়দরাবাদ, নয়াদিল্লি এবং কলকাতায় প্রায় ১৮,০০০ কর্মী কাজ করেন। এই ছাঁটাইয়ের ফলে ভারতে প্রায় ১,০০০ কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সংস্থা জানিয়েছে, বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এআই প্রযুক্তির চাহিদা মেটাতে এবং ব্যবসায়িক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই এই পদক্ষেপ। উৎপাদনশীলতা বাড়াতে এবং এআই-নির্ভর পণ্য ও ক্লাউড পরিষেবায় বিনিয়োগের জন্য স্যাপ তাদের কর্মপদ্ধতিতে পরিবর্তন আনছে। এর আগে ২০২৪ সালের শুরুতে বিজনেস এআই-তে জোর দিতে প্রায় ৮,০০০ পদে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ছাঁটাইয়ের পাশাপাশি নতুন নিয়োগ এবং কর্মীদের নতুন পদে স্থানান্তরের বিষয়টিও অব্যাহত থাকবে।
