হঠাৎ বাড়ি থেকে উধাও সঞ্জীব! কোথায় গেলেন তিলোত্তমার সেই অভিযুক্ত প্রতিবেশী? – এবেলা

এবেলা ডেস্কঃ
আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের দেহ দ্রুত দাহ করার অভিযোগে নতুন মোড় এসেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার হওয়ার পরই পুলিশি নজরে রয়েছেন অপর দুই অভিযুক্ত—প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে। তিলোত্তমার বাবার দায়ের করা অভিযোগে অপরাধমূলক ষড়যন্ত্র ও তথ্যপ্রমাণ লোপাটের ধারা যুক্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে তিলোত্তমার বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত সঞ্জীব মুখোপাধ্যায়ের বাড়িতে খোঁজ নিয়ে জানা যায় তিনি বাড়িতে নেই। পরিচারিকার দাবি অনুযায়ী, গত তিন-চার দিন ধরে কাজের সূত্রে তিনি বাইরে রয়েছেন।
এদিকে আত্মপক্ষ সমর্থনে এগিয়ে এসে সঞ্জীব মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন। তাঁর দাবি, ব্যক্তিগত কাজেই তিনি শহরের বাইরে আছেন এবং পুলিশের নম্বর না থাকায় যোগাযোগ করতে পারেননি। আগামীকালই বাড়ি ফিরে তিনি সমস্ত তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, অপর অভিযুক্ত সোমনাথ দে-র ফ্ল্যাটটিও বর্তমানে তালাবন্ধ অবস্থায় রয়েছে। আইনি এই জটিলতার জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ বাকি অভিযুক্তদের গ্রেফতারে তৎপরতা বাড়িয়েছে।
