হরমুজে মার্কিন হেলিকপ্টার ধ্বংসের চরম বদলা, ইরানে ভয়াবহ এয়ারস্ট্রাইক আমেরিকার! – এবেলা

এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করল। মঙ্গলবার হরমুজ প্রণালীর উপর একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভেঙে পড়ার পরেই চরম প্রতিশোধ নিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে বুধবার সকাল থেকেই ইরানের একাধিক জায়গায় ভয়াবহ এয়ারস্ট্রাইক চালিয়েছে মার্কিন নৌ ও বায়ুসেনা। এই হামলার জেরে আপাতত আমেরিকা-ইরান শান্তি চুক্তির সম্ভাবনা পুরোপুরি বিশবাঁও জলে চলে গেল।
দক্ষিণ ইরানে মার্কিন সেনার জোরালো আঘাত
হরমুজ প্রণালী ঘেঁষা দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশকে মূলত এই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন সেনার যুদ্ধবিমানগুলো নিখুঁত নিশানায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং নজরদারি রাডারগুলোকে ধ্বংস করেছে। ইরানের সংবাদমাধ্যম ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) জানিয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এবং জাস্কে বড়সড় মিসাইল হামলা ও বিস্ফোরণ ঘটেছে। সিরিকে একটি টেলিকমিউনিকেশন টাওয়ার ও দুটি জলের ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া এবং মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজের ওপর সাম্প্রতিক হামলার জবাবে আত্মরক্ষার্থেই এই অভিযান চালানো হয়েছে।
ইরানের প্রত্যাঘাত ও যুদ্ধ পরিস্থিতির অবনতি
আমেরিকার এই হামলাকে নিজেদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে দাবি করেছে তেহরান। আঘাত পাওয়ার পরই পালটা প্রত্যাঘাত শুরু করেছে ইরান। বাহরিনে অবস্থিত মার্কিন নৌবহরকে টার্গেট করে ইতিমধ্যেই তেহরানের তরফে ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে আগামীতে আরও কঠোর জবাব দেওয়া হবে। এই পালটাপালটি হামলার ফলে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর উদ্যোগ ব্যর্থ হলো এবং আগামী দিনে এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
