হাইকোর্টের হুঙ্কারেই কাজ! কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে রওনা অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ
বিধাননগর: কলকাতা হাইকোর্টের কড়া হুঁশিয়ারির পরেই ডিজে হুমকি মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতের পথে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার বেলা ১২টা নাগাদ বিধাননগর এসিজেএম আদালতে সিআইডি আধিকারিকদের সামনে তাঁর কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা রয়েছে।
কেন এই পরিস্থিতি? এর আগে দুবার হাজিরা এড়িয়েছিলেন অভিষেক। গত ১০ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, ডিজে হুমকি মামলা থেকে রেহাই নেই। তৃতীয়বার নমুনা দিতে ব্যর্থ হলে তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ারও হুঁশিয়ারি দেন বিচারপতি। হাইকোর্টের এই কঠোর অবস্থানের পরেই আর হাজিরা এড়ানোর সুযোগ রইল না অভিষেকের।
আদালতে নিরাপত্তা: অভিষেকের আগমন ঘিরে বিধাননগর আদালত চত্বরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে যেকোনো ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
