হাইকোর্ট কি সীমা অতিক্রম করেছে? নটরাজ মন্দির মামলায় সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর রায়!

এবেলা ডেস্কঃ
নটরাজ মন্দির পরিচালনায় দীক্ষিতারদের অধিকার বহাল: মাদ্রাজ হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
নিজস্ব প্রতিবেদক: তামিলনাড়ুর চিদাম্বরমের ঐতিহাসিক নটরাজ মন্দির পরিচালনার ক্ষেত্রে বংশানুক্রমিক পূজারি গোষ্ঠী ‘পোতু দীক্ষিতার’-দের অধিকার বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। মন্দির পরিচালনা সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের এক বিতর্কিত রায়ের ওপর শীর্ষ আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে।
ঘটনার সূত্রপাত ২০২২ সালের মে মাসে, যখন তামিলনাড়ু সরকার একটি নির্দেশিকা জারি করে সাধারণ ভক্তদের মন্দিরের পবিত্র ‘কনকসভা’য় উঠে বিশেষ পূজা ও দর্শনের অনুমতি দেয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী দাবি করে আদালতে চ্যালেঞ্জ জানান পোতু দীক্ষিতাররা। গত ৩০ অক্টোবর মাদ্রাজ হাইকোর্ট সরকারের নির্দেশ বহাল রেখে পর্যবেক্ষণ দেয় যে, ভক্তদের কনকসভায় প্রবেশে মন্দিরের প্রথা বা আচারে কোনো ব্যাঘাত ঘটবে না।
তবে হাইকোর্ট শুধুমাত্র এই বিষয়ে সীমাবদ্ধ থাকেনি। মন্দিরের কাঠামোগত সুরক্ষার দোহাই দিয়ে এবং আয়-ব্যয়ের স্বচ্ছতা পর্যালোচনার নামে অবসরপ্রাপ্ত বিচারক ও আমলাদের নিয়ে পাঁচ সদস্যের একটি নতুন পরিচালনা বোর্ড গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। এই নির্দেশকে ‘একতরফা’ আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দীক্ষিতাররা।
সুপ্রিম কোর্টে দীক্ষিতারদের পক্ষে প্রবীণ আইনজীবী সি এস বৈদ্যনাথন যুক্তি দেন, হাইকোর্ট তার এক্তিয়ারের বাইরে গিয়ে এই নির্দেশ দিয়েছে। তিনি ২০১৪ সালের সুপ্রিম কোর্টের ‘সুব্রহ্মণ্যম স্বামী’ মামলার রায় উল্লেখ করে বলেন, আদালত আগেই স্বীকৃতি দিয়েছে যে পোতু দীক্ষিতাররা একটি স্বতন্ত্র ধর্মীয় সম্প্রদায় এবং নটরাজ মন্দির পরিচালনার পূর্ণ আইনি ও ধর্মীয় অধিকার কেবল তাঁদেরই।
অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে মন্দিরের প্রাচীন কাঠামো বিকৃতির অভিযোগ তোলা হয়। তবে উভয় পক্ষের শুনানি শেষে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে যে, মন্দিরের কাঠামোগত পরিবর্তনের জন্য দীক্ষিতাররা দায়ী—এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ সরকারের কাছে আছে কি না।
সব দিক খতিয়ে দেখে শীর্ষ আদালত স্পষ্ট জানায়, “সব পক্ষের বক্তব্য শুনে আমাদের বিচারবিবেচনাপ্রসূত মতামত হলো যে, চ্যালেঞ্জ করা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া উচিত।” আদালতের এই রায়ের ফলে মন্দিরের প্রশাসনিক ও ধর্মীয় কর্তৃত্ব আপাতত পোতু দীক্ষিতারদের হাতেই বজায় থাকছে।
