হাওড়াবাসীর মোবাইলে বেজে উঠল জরুরি সাইরেন! আসল কারণ জানাল আবহাওয়া দপ্তর – এবেলা
September 17, 2026

এবেলা ডেস্কঃ
September 17, 20266:32 pm
বৃহস্পতিবার বিকেলে (বিকেল ৪:১৫ নাগাদ) হাওড়ার বহু বাসিন্দার মোবাইল ফোনে হঠাৎ বিকট শব্দে সাইরেন বেজে ওঠে এবং একই সঙ্গে জ্বলতে শুরু করে ফোনের ফ্ল্যাশ লাইট। স্ক্রিনে ভেসে ওঠে ‘Extremely Severe Alert’ লেখা এক বিশেষ বার্তা। হঠাৎ এই শব্দ ও বার্তায় জনমনে সাময়িক আতঙ্ক তৈরি হলেও এটি আসলে দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের একটি আগাম সতর্কীকরণ ব্যবস্থা।
কেন বাজল এই সাইরেন?
- সঙ্কটকালীন বার্তা (CAP): এটি কেন্দ্রীয় সরকারের ‘Common Alert Protocol’-এর অন্তর্ভুক্ত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের ওপর ভিত্তি করে টেলিকম কো ম্পা নিগুলির মাধ্যমে সরাসরি নাগরিকদের ফোনে এই অ্যালার্ট পাঠানো হয়।
- ঝড়-বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া দপ্তর জানায়, বিকেল ৪:৫০ থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে হাওড়া জেলার বিভিন্ন জায়গায় তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
- আগাম সতর্কতা: দুর্যোগের মুখে মানুষ যাতে সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে পারেন, সেই উদ্দেশ্যেই এই সতর্কবার্তা। প্রশাসন বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
বর্তমানে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকায় হাওড়ার পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
