হাওড়া পুরসভার অভিনব উদ্যোগ, এবার তৈরি হবে ডগ ফিডারদের নামের তালিকা!

হাওড়া পুরসভার অভিনব উদ্যোগ, এবার তৈরি হবে ডগ ফিডারদের নামের তালিকা!

 

পথকুকুরদের ‘ডগ ফিডারদের’ পরিচয়পত্র দেবে হাওড়া পুরসভা, শুরু নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, হাওড়া: পথকুকুরদের খাওয়ানো নিয়ে স্থানীয় স্তরে বিবাদ মেটাতে এবং প্রাণীদের কল্যাণ নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিল হাওড়া পুরসভা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এখন থেকে পথকুকুরদের নিয়মিত খাবার সরবরাহকারী ‘ডগ ফিডারদের’ পরিচয়পত্র ও নথিভুক্তকরণের আওতায় আনা হচ্ছে।

মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রতিটি ওয়ার্ডে ডগ ফিডারদের তালিকা প্রস্তুত করে তা সংশ্লিষ্ট থানার কাছে পাঠানো হবে। এর ফলে পথকুকুরদের খাওয়ানো নিয়ে কোনো বিবাদ বা সমস্যা তৈরি হলে পুলিশ ও পুরসভা সরাসরি তাদের পাশে দাঁড়াবে। এই উদ্যোগ আপাতত হাওড়া দিয়ে শুরু হলেও ভবিষ্যতে কলকাতা ও রাজ্যের অন্যান্য পুর এলাকাতেও কার্যকর করা হবে।

পুরসভা সূত্রে জানা গেছে, হাওড়ায় ইতিমধ্যে শরৎ সদন এলাকায় পরীক্ষামূলকভাবে ‘ফিডিং সেন্টার’ তৈরি করা হয়েছে। নতুন ডগ ফিডারদের নাম নথিভুক্ত করার জন্য পুরনিগমে একজন নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। প্রতিটি এলাকায় নির্দিষ্ট স্থান চিহ্নিত করে সেখানে খাবারের বাটি রাখা হবে, যাতে স্থানীয় বাসিন্দাদের কোনো অসুবিধা না হয়। ডগ ফিডারদের নিয়ম মেনে ওই নির্দিষ্ট স্থানেই খাবার দিয়ে বাটি পরিষ্কার রাখতে হবে।

এদিনের অনুষ্ঠানে প্রাণীদের চিকিৎসার পরিকাঠামো উন্নয়নের বিষয়েও আলোকপাত করেন পুরমন্ত্রী। তিনি জানান, হাওড়ায় একটি আধুনিক পশু হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ছোট-বড় সব ধরনের প্রাণীর অস্ত্রোপচার ও চিকিৎসার উন্নত ব্যবস্থা থাকবে। এছাড়া পোষ্যদের জন্য অ্যাম্বুল্যান্স ও ক্রিমেটোরিয়ামের ব্যবস্থাও করা হচ্ছে।

শুধুমাত্র সারমেয় নয়, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পাখিদের নিয়েও বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রী জানান, কলকাতা ও হাওড়ার মতো শহরগুলিতে গাছ সংরক্ষণ এবং মাটির হাঁড়িতে পাখিদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করা হবে। চড়ুইসহ বিলুপ্তপ্রায় পাখিদের অস্তিত্ব রক্ষায় পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই কর্মসূচি রাজ্যজুড়ে বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *