হালিশহরে হামলা ঘিরে বিস্ফোরক দাবি, ‘মারার চক্রান্ত’ বলে নিশানা মমতা-কল্যাণের! – এবেলা
এবেলা ডেস্কঃ
রবিবার দুপুরে হালিশহরে মৃত তৃণমূল কর্মী বীরজু কেওটের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তীব্র বিক্ষোভ ও হামলার মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরজুর বাড়ি থেকে বেরোনোর সময় তাঁর কনভয় লক্ষ্য করে পাথর, কাদা ও জুতো ছোড়া হয় এবং ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে ঘটে যাওয়া এই ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা। তিনি সরাসরি পুলিশকে দোষ না দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতৃত্বের দিকে অরাজকতা সৃষ্টির গুরুতর অভিযোগ তোলেন।
ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একে একটি পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কঠোর নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর এমন হামলার চেষ্টা হতে পারে। উল্লেখ্য, গত শুক্রবার পুলিশ হেফাজতে মারা যান তৃণমূল কর্মী বীরজু কেওট। পরিবারের পক্ষ থেকে তাঁকে নির্যাতন ও মারধরের অভিযোগ তোলা হলেও, পুলিশের দাবি আইনি প্রক্রিয়া মেনেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
