হাসপাতালের শয্যায় বন্দির রহস্যমৃত্যু! কড়া নিরাপত্তার মাঝে কীভাবে ঘটল এমন মর্মান্তিক ঘটনা? – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/10/13/hospital-2026-10-13-08-23-29.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বিচারাধীন বন্দির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বন্দির নাম আজহারুল লস্কর। তিনি জীবনতলা থানা এলাকার বাসিন্দা। গত ১০ অক্টোবর একটি অপহরণ সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বারুইপুর সংশোধনাগারে পাঠানো হয়। এরপর শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় গত ১১ অক্টোবর তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের সুরক্ষিত পরিবেশের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটায় নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে অনুমান করা হলেও, এর নেপথ্য অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন পদস্থ আধিকারিকরা। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই মৃত্যুর আসল রহস্য পরিষ্কার হবে।
