হাসপাতালের সামনেই মরণফাঁদ, বেহাল রাস্তায় চরম দুর্ভোগ!

এবেলা ডেস্কঃ
অবহেলায় বেহাল আনন্দপুরের গুরুত্বপূর্ণ রাস্তা, চরম ভোগান্তিতে যাত্রী ও রোগীরা
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কলকাতার আনন্দপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। রুবি হাসপাতাল এবং পার্শ্ববর্তী এলাকার এই ব্যস্ত রাস্তায় বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, হাসপাতালগামী রোগী ও পাসপোর্ট অফিসের প্রার্থীরা।
সরেজমিনে দেখা যায়, রুবি হাসপাতালের পিছন দিক থেকে চলে যাওয়া এই রাস্তাটির বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে কঙ্কালসার দশা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরে রাস্তাটির কোনো সার্বিক সংস্কার হয়নি। মাঝেমধ্যে কেবল লোক দেখানো ‘প্যাচওয়ার্ক’ বা জোড়াতাপ্পি দেওয়া হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ফলে রাস্তার গর্তগুলো এখন যাতায়াতের ক্ষেত্রে মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
এই পথে নিয়মিত যাতায়াত করেন এমন এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তাটি এতটাই খারাপ যে গাড়ি চলাচলের সময় রোলার কোস্টারের মতো ঝাঁকুনি অনুভূত হয়। কোমর ব্যথার মতো শারীরিক সমস্যা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা দিনের পর দিন অবহেলিত অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।”
অভিযোগ রয়েছে, রাজনৈতিক কারণে অতীতে এই এলাকার রাস্তা সংস্কারে অনীহা ছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে এবং পরিস্থিতির পরিবর্তনের পরেও রাস্তার হাল ফেরেনি। পুজোর আগে শহরের বিভিন্ন প্রান্তে মেরামতির কাজ হলেও, আনন্দপুরের এই জনবহুল রাস্তাটি বরাবরই মেরামতের বাইরে থেকে গেছে। গাড়িচালকদের পাশাপাশি পাসপোর্ট অফিসে আসা সাধারণ মানুষেরাও ভাঙা রাস্তার ধুলো আর ঝাকুনিতে নাভিশ্বাস তুলছেন।
এ বিষয়ে কলকাতা পুরসভার সড়ক বিভাগের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, শহরের অনেক জায়গায় রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। আনন্দপুরের এই রাস্তাটির বর্তমান বেহাল অবস্থার কথা স্বীকার করে তারা আশ্বাস দিয়েছেন যে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং খুব দ্রুত সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
