হাসপাতালে ফেরিওয়ালা প্রবেশে নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের

রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে ফেরিওয়ালাদের প্রবেশ নিষিদ্ধ করল স্বাস্থ্য ভবন। সোমবার ডিরেক্টরেট অফ মেডিক্যাল এডুকেশনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালের ইনডোর, আউটডোর এবং রোগী পরিষেবা সংক্রান্ত এলাকায় এখন থেকে বিনা অনুমতিতে বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না। স্বাস্থ্য ভবন জানিয়েছে, রোগীর নিরাপত্তা, গোপনীয়তা রক্ষা, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংক্রমণ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতেই এই পদক্ষেপ।
মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা অধ্যাপক ইন্দ্রজিৎ সাহা নির্দেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, নির্দেশ পালনে গাফিলতি বরদাস্ত করা হবে না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কঠোরভাবে পর্যালোচনা করা হবে।
এই নির্দেশিকা নিয়ে চিকিৎসক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টর্স-এর সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে, মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসক-নেতা অনিকেত মাহাতো উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সরকারি হাসপাতালে এখনও অনেক প্রয়োজনীয় সামগ্রীর অভাব রয়েছে। বিকল্প ব্যবস্থা না করে এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের হয়রানি বাড়াতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
