হিমাচলে খাদে গাড়ি পড়ে চার নাবালকসহ মৃত ছয়

হিমাচলপ্রদেশের মান্ডি ও কাংড়া জেলার সীমান্তবর্তী জোগিন্দরনগরের লাদভরোল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটলেও বুধবার দুপুর পর্যন্ত বিষয়টি কারোর নজরে আসেনি। সারারাত তীব্র ঠান্ডার মধ্যে গাড়িটি খাদে পড়ে থাকায় অতিরিক্ত ঠান্ডার কারণেই ঘটনাস্থলে সকলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। বুধবার দুপুরে পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিহতরা হলেন আয়ুষ (২১), অনুজ (১৮), যশ (১৪), পঙ্কজ কুমার (১৭), অর্ণব ঠাকুর (১৫) এবং আদিত্য (১৭)। তারা সকলেই হিমাচলের স্থানীয় বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং একটি মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সহায়তার জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
