হোটেলের টোপ দিয়ে ৩০ লক্ষ টাকা আত্মসাৎ! কাঠগড়ায় খোদ বিজেপি নেতা – এবেলা

হোটেলের টোপ দিয়ে ৩০ লক্ষ টাকা আত্মসাৎ! কাঠগড়ায় খোদ বিজেপি নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ফের রাজনৈতিক নেতার বিরুদ্ধে বড়সড় আর্থিক প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। গ্যাংটকে যৌথ হোটেল ব্যবসার টোপ দিয়ে এক দলীয় কর্মীর কাছ থেকে ৩০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন মেদিনীপুর জেলা সভাপতি তথা বর্তমান রাজ্য নেতা সমিতকুমার দাশের বিরুদ্ধে। এই প্রতারণার জেরে প্রবল মানসিক অবসাদ ও ঋণের দায়ে ভুগে সম্প্রতি ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি তাঁর পরিবারের। মেদিনীপুর কোতোয়ালি থানা এবং দলের রাজ্য সভাপতির কাছে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জমি বিক্রি ও ঋণের টাকায় বিনিয়োগ
মৃত বিজেপি কর্মী মিতা ঘোষের পরিবারের অভিযোগ, ২০২১ সালের মে-জুন মাস নাগাদ মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির তৎকালীন সভাপতি সমিত গ্যাংটকে যৌথ ভাবে হোটেল ব্যবসার প্রস্তাব দেন। মোটা লাভের আশায় মিতা দেবী নিজের জমি বিক্রি করে এবং বিভিন্ন পরিচিতদের কাছ থেকে ঋণ নিয়ে মোট ৩০ লক্ষ টাকা ওই নেতার হাতে তুলে দেন। কিন্তু অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্যবসার কোনও লভ্যাংশ তাঁকে দেওয়া হয়নি। ব্যবসার হিসেব বা লাভের অংশ চাইলেই নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতেন অভিযুক্ত নেতা।

এই বিপুল পরিমাণ ঋণের বোঝা এবং প্রতারিত হওয়ার মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই মিতা দেবী অসুস্থ হয়ে পড়েন। গত ১৫ মে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ৬ জুন তাঁর মৃত্যু হয়। মৃত্যুর ঠিক আগের দিন রাতে মিতা দেবী তাঁর ছোট মেয়েকে দিয়ে গোটা ঘটনার বিবরণ লিখিয়ে তাতে সই করে যান। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে মৃতের পরিবার। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

অভিযোগ অস্বীকার অভিযুক্ত নেতার
অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত আর্থিক প্রতারণার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি নেতা সমিতকুমার দাশ। তিনি জানান, মিতা ঘোষকে দলীয় কর্মী হিসেবে চিনলেও তাঁর সঙ্গে কোনও ব্যবসায়িক চুক্তি বা টাকার লেনদেন কখনও হয়নি। তাঁর স্পষ্ট দাবি, ২০২১ সালে তাঁর কোনও হোটেল ব্যবসাই ছিল না। পরবর্তীকালে তিনি যে ব্যবসা শুরু করেছেন তার বৈধ কাগজপত্র ও বর্তমান অংশীদারদের সঙ্গে চুক্তির প্রমাণ রয়েছে। পুলিশি তদন্তেই প্রকৃত সত্য সামনে আসবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। এই পালটা দাবির ফলে গোটা ঘটনার জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *