‘হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা!’ শরীর নিয়ে ট্রোলিংয়ের কড়া জবাব নীনা গুপ্তার – এবেলা

এবেলা ডেস্কঃ
September 12, 20268:33 am
ব্যক্তিগত জীবন কিংবা শরীর—যেকোনো বিষয়ে অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে বরাবরই সরব অভিনেত্রী নীনা গুপ্তা। সমাজের তোয়াক্কা না করে নিজের শর্তে বাঁচাই তাঁর পছন্দ। সম্প্রতি বয়স, ব্যক্তিগত জীবন এবং শরীর নিয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে নিজের তীক্ষ্ণ রসবোধ দিয়ে কড়া বার্তা দিলেন এই প্রবীণ অভিনেত্রী।
পরিচিত বা অপরিচিতদের কাছ থেকে প্রায়শই ‘কবে বিয়ে করছেন?’-এর মতো প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। তবে এতে বিন্দুমাত্র অস্বস্তিতে না পড়ে সোজা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন নীনা। তাঁর স্পষ্ট কথা, “আমি তো তোমার ওপর নির্ভরশীল নই, তাহলে তোমার সমস্যা কী?”
এখানেই শেষ নয়, নিজের একটি ঘটনার কথা উল্লেখ করে নীনা জানান, ৬০ বছর বয়সে শাড়ি পরার সময় পেটের কাছে সামান্য কাপড় ফুলে থাকা দেখে অনেকে রটিয়ে দেয় যে তিনি নাকি গর্ভবতী! সমাজের এই দৃষ্টিভঙ্গিকে কটাক্ষ করে তিনি পরামর্শ দেন, কেউ শরীর নিয়ে কুমন্তব্য করলে তাকে সোজা বলে দেওয়া উচিত—‘হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা!’
অভিনেত্রীর এই মন্তব্যের আড়ালে রয়েছে এক গভীর প্রতিবাদ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের স্বাভাবিক শারীরিক পরিবর্তনকে সহজভাবে মেনে না নেওয়া এবং নির্দিষ্ট ছকে বাঁধার মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নীনা গুপ্তা।
