১০০% ছাড়ে মিলছে বিদ্যুৎ, আবেদনের রেকর্ড কোচবিহারে! ফাঁস পুরোনো ‘হুকিং’ রহস্য – এবেলা

১০০% ছাড়ে মিলছে বিদ্যুৎ, আবেদনের রেকর্ড কোচবিহারে! ফাঁস পুরোনো ‘হুকিং’ রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ

কোচবিহার: এ বারের দুর্গোৎসবে পুজো কমিটিগুলির জন্য বিদ্যুৎ ব্যবহারে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে রাজ্য সরকার। বিদ্যুৎ সম্পূর্ণ নিখরচায় মিলবে জানতে পেরেই কোচবিহার জেলায় বৈধ্য বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আবেদনের ঢল নেমেছে। গত বছর যেখানে ১ হাজার ২৭১টি পুজো কমিটি নিয়ম মেনে বিদ্যুৎ সংযোগ নিয়েছিল, এ বার মহালয়ার তিন দিন আগেই সেই সংখ্যাটা লাফিয়ে ১ হাজার ৯৬৬-তে পৌঁছে গিয়েছে। পুজো আসার আগেই অন্তত আরও ২০০টি আবেদন জমা পড়তে পারে বলে মনে করছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা।

বিদ্যুৎ সংযোগের আবেদন হঠাৎ এভাবে প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার ঘটনায় পুজো মণ্ডপগুলিতে পুরোনো বেআইনি সংযোগ বা ‘হুকিং’-এর বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে। এতদিন ধরে অনেক পুজো কমিটিই চুরি করে আলো জ্বালিয়ে মণ্ডপ আলোকিত করত বলে অভিযোগ উঠছে, যা এতদিন বিদ্যুৎ বণ্টন বিভাগের নজরদারি নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।

তবে এ বার আর কোনো ছাড় দিতে নারাজ দপ্তর। ষষ্ঠীর দিন থেকেই অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালাতে কোচবিহার জেলাজুড়ে ১৮টি বিশেষ দল নামানো হচ্ছে। দপ্তরের হিসাব অনুযায়ী, গত বছর বৈধ সংযোগ থেকে ৫৭ লক্ষ টাকা রাজস্ব এসেছিল। এ বার বিনামূল্যে ছাড় না থাকলে রাজস্বের পরিমাণ ১ কোটি টাকা ছাড়িয়ে যেত। উদাহরণস্বরূপ, কোচবিহার শহরের একটি বিগ বাজেটের পুজোর জন্য এ বার আলাদা করে ৩০০ কিলোওয়াটের ট্রান্সফর্মার বসাতে হয়েছে, যার আনুমানিক বিলই আসত প্রায় ৭০ হাজার টাকা। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি নির্দেশিকা মেনেই সংযোগ দেওয়া হচ্ছে, তবে আবেদন না করে বেআইনিভাবে আলো জ্বালালে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *