১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিক উদ্ধার, নেপালের সুড়ঙ্গে জীবন জয় চিনা নাগরিকের – এবেলা

১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিক উদ্ধার, নেপালের সুড়ঙ্গে জীবন জয় চিনা নাগরিকের – এবেলা

এবেলা ডেস্কঃ

১০ দিনের বিভীষিকা কাটিয়ে ফের জীবনের জয়গান নেপালে। ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা এক চিনা নাগরিককে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। শনিবার ২২৫ মিটার দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গ থেকে তাঁকে নিরাপদে বাইরে বের করে আনা হয়। এর পর আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য তাঁকে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়।

নেপাল সেনাবাহিনী এবং দক্ষিণ কোরিয়ার দুর্যোগ মোকাবিলা বাহিনীর যৌথ অভিযানের ফলেই এই উদ্ধারকাজ সম্ভব হয়েছে। চিনা সংবাদমাধ্যমে সুড়ঙ্গ থেকে ওই নাগরিককে উদ্ধার করার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, ‘ত্রিশূলী ৩-এ’ জলবিদ্যুৎ প্রকল্পের এই সুড়ঙ্গ থেকে পরপর বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলো। এর আগে শুক্রবার ভোরে ৩০ বছর বয়সি মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং সঙ্কটাপন্ন অবস্থায় কবীর মহার্জন নামের এক কর্মীকেও সুড়ঙ্গ থেকে বের করে আনা হয়েছিল।

অন্যদিকে, নুয়াকোটে সাম্প্রতিক হড়পা বানে ক্ষতিগ্রস্ত একটি বিধ্বস্ত বাড়ি থেকেও এক মহিলাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তাঁকেও উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *