১০ লাখের কম বাজেটেই বাজিমাত! এবার দুর্গাপুজোর অনুদানে নয়া নীতি রাজ্য সরকারের – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: ২০২৬ সালের দুর্গাপুজোর অনুদান নীতিতে বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে রাজ্যের নতুন সরকার। আগের মতো পুলিশ অনুমোদিত সমস্ত ক্লাবকে ঢালাও অনুদান না দিয়ে, এবার ‘প্রয়োজন ভিত্তিক’ আর্থিক সাহায্য দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
নবান্ন সূত্রে খবর, যে সমস্ত পুজো কমিটির মোট বাজেট ১০ লাখ টাকার কম, মূলত তাদেরকেই অনুদান দেওয়ার বিষয়টি বিবেচনা করছে রাজ্য সরকার। সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে কলকাতার পুজো কমিটিগুলির সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বিদ্যুতের ছাড়, হোর্ডিংয়ের ট্যাক্স এবং অনুদান সহ নানা বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে বলে জানান ফোরামের কর্তারা।
বড় পুজোর উদ্যোক্তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় আশায় দিন গুনছে শহরের ছোট পুজো কমিটিগুলি। জানা গেছে, চলতি মাসেই অর্থ দপ্তরের সঙ্গে চূড়ান্ত আলোচনার পর মুখ্যমন্ত্রী নিজে এই সংক্রান্ত সিদ্ধান্ত স্পষ্ট করবেন।
