১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান! সোমবার থেকেই এই জেলার ৮ লক্ষ মানুষের ঘরে ঘরে পৌঁছাবে পানীয় জল – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ ১৩ বছরের টানা টানাপোড়েনের পর অবশেষে মিটতে চলেছে পুরুলিয়ার তীব্র পানীয় জলসংকট। ১২৯৬.২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহু প্রতীক্ষিত ‘জাইকা’ পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন হতে চলেছে সোমবার। বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধের জলাধার থেকে ৩০০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে আনা এই জল পৌঁছে যাবে পুরুলিয়া পুরসভা এবং জঙ্গলমহলের ৫টি ব্লকের ৬ লাখেরও বেশি বাসিন্দার কাছে। দীর্ঘদিন ধরে গ্রীষ্মকালে ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যাওয়ার ফলে তৈরি হওয়া জলকষ্ট থেকে মুক্তি পাবেন এলাকার মোট ৮ লাখ ১৩ হাজার ৪০৬ জন মানুষ। উদ্বোধনের আগে প্রকল্পস্থল পরিদর্শন করেছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং রাজ্যের মন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি।
২০১৩ সালে কেন্দ্রীয় অনুমোদনের পর ভূগর্ভস্থ জলে ফ্লোরাইড পাওয়া এবং দরপত্র প্রক্রিয়ার জটিলতায় বছরের পর বছর ধরে আটকে ছিল এই বিশাল উদ্যোগ। ভূ-পৃষ্ঠের জল ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে ২০১৯ সালে নতুন বরাদ্দ মেলে এবং পরবর্তীতে কাজের গতি বাড়িয়ে অবশেষে এই প্রকল্পের রূপায়ন সম্ভব হলো। দৈনিক ২৫ এমএলডি চাহিদার পুরুলিয়া শহরে এতদিন যে ১৩ এমএলডি জলের ঘাটতি ছিল, তা এই প্রকল্পের মাধ্যমে দূর হবে। প্রতিদিন ৮ ঘণ্টা করে জল সরবরাহ করা হবে, যা রুখাশুখা এই জেলার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা দূর করে বাসিন্দাদের জীবনে এক স্বস্তির বার্তা নিয়ে আসছে।
