১৪০ কোটির দেশে ফুটবল জোয়ার আনতে হালদারবাগানের ৮২তম দুর্গোৎসবের কী বিশেষ উদ্যোগ? – এবেলা

এবেলা ডেস্কঃ
আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো দেশ থেকে মেসি-রোনাল্ডো বিশ্বজয় করলেও ১৪০ কোটির ভারতে কেন ফুটবলের সাফল্য অধরা? শিশুদের মোবাইল আসক্তি ছাড়িয়ে মাঠমুখী করা এবং ফুটবলপ্রেম জাগিয়ে তুলতেই হালদারবাগান দুর্গোৎসব পূজা সমিতি ৮২তম বর্ষে আয়োজন করেছে অভিনব থিম ‘আন্ডার ফিফটিন ওয়ার্ল্ডকাপ’। দুস্থ শিশুদের ফুটবল প্রদান এবং খেলার ব্যবস্থার সঙ্গে যুক্ত এই ক্লাব কর্তৃপক্ষের লক্ষ্য দুর্গাপুজোর মাধ্যমে ছোটদের বাইরের জগতে ফিরিয়ে আনা। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে চলা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ভারতের অংশগ্রহণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের প্রধান উদ্দেশ্য, যাতে পুজোর মণ্ডপে এসে শিশুরা নতুন করে ফুটবলের প্রতি আগ্রহী হয়ে ওঠে।
শিল্পী সুদীপ্ত মাইতির ভাবনায় ২০০ ফুট বিস্তৃত বিশাল এই মণ্ডপটি তৈরি হয়েছে ফুটবলের আদলে। প্রবেশদ্বার থেকে শুরু করে মূল মণ্ডপ পর্যন্ত ফুটবল বিবর্তনের নানা রূপ, সবুজ গালিচায় মোড়া মাঠ, তারকা খেলোয়াড়দের প্রতিকৃতি এবং বিশ্বকাপের একটি রেপ্লিকা স্থান পাচ্ছে। এমনকি ফুটবলের বিবর্তনের দীর্ঘ ইতিহাসও তুলে ধরা হচ্ছে এখানে। বিশাল ফুটবলাকৃতির ৫০ ফুট মণ্ডপের ভেতরে স্থান পাবে পদ্মশ্রী সনাতন রুদ্র পালের তৈরি সনাতনী মাতৃপ্রতিমা। ফুটবল উন্মাদনা এবং শিক্ষণীয় বার্তার মিশেলে গড়া এই পুজোমণ্ডপ শিশুদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে।
